ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকীর গ্রেফতার দাবিতে আন্দোলনরতদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সে (লতিফ সিদ্দিকী) কোথায়? তাকে ধরিয়ে দিন।’
বৃহস্পতিবার গণভবনে সম্প্রতি ইতালি সফরের ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী একথা বলেন। লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কোনো আইন গত ব্যবস্থা নেয়া হবে কি না এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি; কথাটা ঠিক না। তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ভুলে যাবেন না তিনি (লতিফ) একজন ক্যাবিনেট মেম্বার। তারপরও আমরা তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। তাকে ক্যাবিনেট থেকে সরিয়ে দেয়া হয়েছে।’
লতিফ সিদ্দিকীর গ্রেফতার দাবিতে হরতাল আহ্বানকে অযৌক্তিক দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘তার বিরুদ্ধে যা যা সম্ভব সব ব্যবস্থায় নেয়া হয়েছে। তাই এই হরতাল অযৌক্তিক।’
বিএনপির সঙ্গে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আন্দোলনের নামে আবারো ‘হত্যা-অরাজকতা’ চললে সরকারকে কঠোর ভূমিকায় দেখতে হবে।' তিনি বলেন, ‘দু-চারটা মানুষ মারার নাম আন্দোলন নয়। আন্দোলনের নামে সহিংসতা হলে তা প্রতিহত করতে জনগণের প্রতিও আহ্বান জানান তিনি।'
বিএনপি নেত্রী খালেদা জিয়ার আন্দোলনের হুমকির জবাবে শেখ হাসিনা বলেন, নির্বাচনের আগে ট্রানজিট গভর্নমেন্ট হিসাবে ছিলাম। তখন অনেক কিছু করতে পারি নাই। এখন আমার দেশের একটা মানুষের গায়ে হাত দিয়ে দেখুক।'