ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার হাফিজুর রহমানকে বরখাস্ত করেছে সরকার। বৃহস্পতিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।
এনবিআর সূত্র জানায়, দীর্ঘদিন কর্মস্থলে উপস্থিত না থাকায় তাকে বরখাস্ত করা হলেও তার বিরুদ্ধে মূল অভিযোগ দুর্নীতির। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন। হাফিজুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্র জানায়, কমিশনের প্রাথমিক অনুসন্ধানে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে। এ ভিত্তিতে তাদের দু’জনকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশও দেয়া হয়েছে। বর্তমানে তাদের সম্পদের হিসাবের যাচাই-বাছাই চলছে।