বিশ্বে প্রতি বছর ধূমপান করায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কোটি কোটি মানুষ মারা যান। এজন্য বিভিন্ন দেশে অফিস-আদালতে কিংবা প্রকাশে ধূমপান নিষিদ্ধ। কিন্তু যে কোম্পানি সিগারেট তৈরি করে সেই কোম্পানিই তাদের অফিসে ধূমপান নিষিদ্ধ করছে!
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম সিগারেট কোম্পানি রেনল্ডস আমেরিকান ইনকরপোরেশন। এই কোম্পানিটি ‘ক্যামেল’ নামে এক প্রকার সিগারেট উত্পাদন করে। কোম্পানিটি কর্মকর্তা-কর্মচারীদের জানিয়ে দিয়েছে যে, ডেস্ক, সম্মেলন কক্ষ, লিফট, এলিভেটরসহ অফিসের কোনো স্থানে ধূমপান করা যাবে না। এই আইন আগামী বছর থেকে কার্যকর হবে। তবে কারাখানায় ইতোমধ্যে ধূমপান নিষিদ্ধ আইন কার্যকর করা হয়েছে। উত্তর ক্যারোলিনা ভিত্তিক এই কোম্পানিটির মুখপাত্র ডেভিড হাওয়ার্ড জানিয়েছেন, এর ফলে আমাদের যেসব কর্মকর্তা-কর্মচারী ধূমপান করেন না তাদের জন্য এবং পরিদর্শকদের জন্য সুবিধা হবে। আমরা আমাদের অফিসে সেটাই করতে চাই যেটা সমাজে ঘটছে। রেনল্ড ‘ক্যামেল’ ছাড়াও ‘পলমল’, ধোঁয়াহীন ‘গ্রিজলি’ এবং ইলেকট্রনিক সিগারেট উত্পাদন করে। - স্কাই নিউজ