জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) খুব দ্রুত বিশ্বের সবচেয়ে ধনী সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। সংগঠনটি কালোবাজারে তেল বিক্রি, জোর করে অর্থ আদায় ও মুক্তিপণ থেকে মাসে লাখ লাখ ডলার সংগ্রহ করছে। বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
সন্ত্রাস ও অর্থ বিষয়ক গোয়েন্দা তথ্য সংক্রান্ত ট্রেজারি আন্ডার সেক্রেটারি ডেভিড কোহেন বলেছেন, আইএস চলতি বছরের গোড়ার দিকে ইরাক ও সিরিয়ায় অভিযান চালিয়ে দখলকৃত তেলক্ষেত্রগুলো থেকে অপরিশোধিত তেল বিক্রি করে প্রতিদিন ১০ লাখ মার্কিন ডলার আয় করছে।
তিনি বলেন, অধিকাংশ সন্ত্রাসী সংগঠন যেভাবে অর্থ সংগ্রহ করে থাকে, আইএস তাদের চেয়ে ভিন্ন সূত্র থেকে ‘নজিরবিহীন গতিতে অর্থ সংগ্রহ করছে’। এ কারণে আইএসআইএল নামেও পরিচিত সংগঠনটি যুক্তরাষ্ট্রের সামনে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। দেশটি জঙ্গি গোষ্ঠীটির অর্থের উৎস বন্ধে কাজ করে যাচ্ছে। খবর এএফপি’র।
কোহেন বলেন, ‘আমাদের কাছে রাতারাতি আইএসআইএল-এর ধনভাøার শুন্য করার মতো কোনো গোপন অস্ত্র নেই। এটা স্থায়ী লড়াই হবে এবং আমরা এই যুদ্ধের প্রাথমিক পর্যায়ে রয়েছি।’
কারনেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর ভাইস প্রেসিডেন্ট মারওয়ান মুয়াশের বলেন, ‘আইএস-কে এখন বিশ্বের সবচেয়ে ধনী এবং অর্থসমৃদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হচ্ছে।’