‘জানাজায় নিজামী-সাঈদীকে চাওয়া অযৌক্তিক'

 



বাংলাদেশের স্বাধীনতাবিরোধীদের প্রতীক গোলাম আযমের জানাজায় ইমামতির জন্য কারাবন্দি মতিউর রহমান নিজামী বা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্যারোলে মুক্তি চাওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। নাসিম বলেন, অতীতেও কারাবন্দি অবস্থায় অনেকে মারা গেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বলতে চাই- জানাজায় ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন থাকার অনুমতি পায় বা প্যারোলে অনুমতি পায়। তারা তো সে রকম কেউ না। তাই এ দাবির কোনো যৌক্তিকতা নেই। বিষয়টি আদালত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।


শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মৃত্যুর আগে গোলাম আযম যুদ্ধাপরাধের মামলায় বিচারাধীন নিজামী বা দণ্ডিত সাঈদীর ইমামতিতে তার জানাজার নামাজ পড়ানোর ইচ্ছা প্রকাশ করে গেছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তার আইনজীবী তাজুল ইসলাম বলেছেন, তার শেষ ইচ্ছা অনুযায়ী পরিবার যদি সিদ্ধান্ত নিতে চায় তবে আইনজীবীরা সরকারের কাছে আবেদন জানাবেন।
বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় (বিএসএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৯০ বছর কারাদণ্ডপ্রাপ্ত গোলাম আযম।