সার্বিক বিচ্ছিন্নতার বিধি মেনে চলতে যুক্তরাষ্ট্রের দুই রাজ্যে নির্দেশ



নিউইয়র্ক ও নিউ জার্সি যুক্তরাষ্ট্রের এ দুটি রাজ্যে ইবোলা প্রতিরোধে পশ্চিম আফ্রিকায় এ রোগের চিকিৎসা করেছেন এমন চিকিৎসাকর্মীদের সার্বিক বিচ্ছিন্নতা মেনে চলা বাধ্যতামূলক করার নির্দেশ দেয়া হয়েছে।
গিনিতে ইবোলার চিকিৎসা কাজ শেষে দেশে ফেরার এক সপ্তাহ পর আমেরিকান এক ডাক্তারের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়ার পর দুই রাজ্যের গভর্নর এন্ড্র– কুওমো ও ক্রিস ক্রিস্টি শুক্রবার এক যৌথ সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন। আমেরিকান ডাক্তার ক্রেইগ স্পেন্সার (৩৩) বর্তমানে নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ক্রেইগ ইবোলা আক্রান্ত হওয়ায় যুক্তরাষ্ট্র জুড়ে রোগটি ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হয়। তবে টেক্সাসের আক্রান্ত দুই নার্স চিকিৎসা শেষে ভাইরাস মুক্ত হওয়ায় কিঞ্চিৎ আশারও সঞ্চার হয়েছে। উভয় নার্স লাইবেরিয়ার এক ব্যক্তিকে চিকিৎসা করতে গিয়ে আক্রান্ত হয়।
গভর্নর দ্বয়ের নির্দেশে বলা হয়, গিনি, লাইবেরিয়া ও সিয়েরালিওনে ইবোলা রোগীর প্রত্যক্ষ সংস্পর্শে আসা যে কোনো ব্যক্তিকে ২১ দিনের সার্বিক বিচ্ছিন্নতা মেনে চলতে হবে।
এছাড়া ইবোলা রোগীর প্রত্যক্ষ সংস্পর্শে আসেননি কিন্তু আক্রান্ত এলাকা ভ্রমণ করেছেন এমন ব্যক্তিকে সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজন হলে তাকেও সার্বিক বিচ্ছিন্নতা মেনে চলতে হবে।
এদিকে সংবাদ সম্মেলনে ম্যানহাটনে কুওমি ও ক্রিস্টি ইবোলা ঠেকাতে জেএফকে ও নিউআর্ক আন্তর্জাতিক বিমান বন্দরে পরীক্ষা নিরীক্ষা আরো জোরদারের ঘোষণা দেন।
নিউইয়র্কের মেয়র বিল দ্য ব্লাসিও বলেন, শংকিত হওয়ার কোনো কারণ নেই। নিউইয়র্কবাসীদের বুঝতে হবে পরিস্থিতি ভালোভাবেই নিয়ন্ত্রিত হচ্ছে।
তিনি বলেন, ইবোলা নিয়ন্ত্রণে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। আমাদের মেডিক্যাল বিশেষজ্ঞরা গভীরভাবে রোগটি সম্পর্কে গবেষণা করেছেন এবং কেন্দ্রীয়য় অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন।