হুমকি দিয়ে কিছু করতে পারবে না বিএনপি : কামরুল

খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন,  আন্দোলনের হুমকি দিয়ে কিছু করতে পারবে না বিএনপি। শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটছেলে শেখ রাসেলের ৫০তম জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি এডভোকেট তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, জোটের কেন্দ্রীয় নেত্রী অভিনেত্রী অরুনা বিশ্বাস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ । 
কামরুল ইসলাম বলেন, আন্দোলনের হুমকি দিয়ে কিছু করতে পারবে না বিএনপি। ২০১৩ সালের মতো সহিংস অবস্থানে যাওয়ার চেষ্টা করলে কোনো অবস্থাতেই তাদের ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, সংলাপের আহ্বান আর আন্দোলনের কথা -এই ভাঙ্গা ক্যাসেট আমরা আগামী চার বছর এক মাস শুনবো। বিগত ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত শুনেছি। এই ভাঙ্গা ক্যাসেট শুনতে শুনতেই আমাদের মেয়াদকাল উত্তীর্ণ হবে। বিএনপি কোন আন্দোলন করতে পারবে না। 
কামরুল ইসলাম বলেন, আন্দোলন করতে আদর্শবান কর্মী লাগে। তাদের আসল চরিত্র আমরা ২০১৩ সালের শেষের দিকে দেখেছি। কাজেই আমাদের সজাগ থাকতে হবে। আবার যদি তারা আগের রূপে আবির্ভূত হওয়ার চেষ্টা করে- কোন অবস্থাতেই আর ছাড় নয়।