চীনের সাফল্য থেকে শিক্ষা নিতে হবে: ড. আকবর আলী

 
 
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান বলেছেন, চীনের সাফল্য থেকে আমাদের তিনটি বিষয়ে শিক্ষা নিতে হবে। প্রথমত, সরকারের বিশ্বাসযোগ্যতা বাড়াতে হবে। সরকার যা বলবে তা অবশ্যই করবে। এক সরকার যে প্রকল্প শুরু করবে পরবর্তী সরকার অবশ্যই তার ধারবাহিকতা রাখবে। এ সংস্কৃতি চালু করতে হবে। দ্বিতীয়ত, প্রশাসনে দলীয় বিবেচনা নয় দক্ষ, সত্ ও ভালো লোকের কর্মসংস্থান বাড়াতে হবে। তৃতীয়ত, আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। শুল্কমুক্ত গাড়ি আনা কিংবা ঢাকায় ফ্ল্যাট নেয়া ও অর্থ উপার্জনের জন্য রাজনীতিতে আসার প্রবণতা বন্ধ করতে হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ঐক্য আয়োজিত ‘চীনের সাফল্য এবং বাংলাদেশের সম্ভাবনা’ শীর্ষক গোল টেবিল তিনি এসব কথা বলেন।
নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (পিআরআই) নির্বাহি পরিচালক ড. আহসান এইচ মনসুর, সাপ্তাহিক-এর সম্পাদক গোলাম মর্তুজাসহ আরও অনেকে।
ড. আকবর আলী খান বলেন, মাত্র দশ বছরে চীনের মাথাপিছু আয় দ্বিগুণ হয়েছে। এটা অনন্য সাধারণ সাফল্য। তবে দেশটি সুশাসনে সেরা নয়। গণতন্ত্রও নেই। গণতন্ত্র থাকলে উন্নয়ন আরও বেশি হতো। তিনি বলেন, চীনের সাফল্য থেকে আমাদের কিছু শিক্ষা নেয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে মানবাধিকারের বিষয়ে। কারণ সার্বিক উন্নয়নের জন্য শুধু পেটে ভাত থাকলেই হবে না, মানবাধিকার নিশ্চিত করাও প্রয়োজন।