গণতন্ত্র নষ্ট করতে জঙ্গি গোষ্ঠী ষড়যন্ত্র করছে : মেনন

 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের গণতন্ত্র এবং স্থিতিশীলতা বিনষ্ট করতে উগ্র জঙ্গীবাদী গোষ্ঠী এবং সামরাজ্যবাদী শক্তি দেশে-বিদেশে ষড়যন্ত করছে।
তিনি বলেন, তারা গোটা উপমহাদেশ জুড়ে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে এবং তারা সম্প্রতি ভারতে সন্ত্রাসী হামলা চালানোর হুমকি দিয়েছে। মেনন বলেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকেও আরো সতর্ক থাকার পাশাপাশি তাদের বিরুদ্ধে প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ লড়াইকে এগিয়ে নিতে হবে।
তিনি আজ বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আয়োজিত পদযাত্রা কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি আবু হোসেনের সভাপতিত্বে সমাবেশে  বক্তব্য রাখেন, শফিউদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক কিশোর রায় প্রমুখ।
রাশেদ খান মেনন বলেন, লুটেরা, ধনী ব্যবসায়ী রাজনীতিবিদ ও দুর্বৃত্তদের আঁতাত দেশকে এক গভীর সংকটের মুখে দাঁড় করিয়েছে।