শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. মনিরুজ্জামান নামের এক যাত্রীর কাছ থেকে ৫৬টি আইফোন জব্দ করেছে শুল্ক বিভাগ। মনিরুজ্জামান টাইগার এয়ারলাইন্সের একটি বিমানে ব্যাংকক থেকে এসেছেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার কাছ থেকে মোবাইল ফোনগুলো জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের দাবি, ওই মোবাইল ফোনগুলোর বাজারমূল্য আনুমানিক ৪৫ লাখ টাকা। জব্দ করা মুঠোফোনগুলোর মধ্যে ১৪টি আইফোন-৫, ছয়টি আইফোন-৫এস, ২৬টি আইফোন-৬+, দুইটি আইফোন-৬ ও আটটি গ্যালাক্সি নোট-৪ রয়েছে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মাইনুল খান সাংবাদিকদের বলেন, মোবাইল ফোনগুলো আমদানি নিষিদ্ধ পণ্য নয়। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমতি ছাড়াই এগুলো আমদানি করা হচ্ছিল। তাই, পণ্যগুলো জব্দ করে ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।