অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও বাংলার বাঘ খ্যাত শেরে বাংলা একে ফজলুল হক রবিবার ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়ার মিঁয়া বাড়ি মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ ওয়াজেদ আলী ও মাতা সৈয়দুন্নেছা। শেরে বাংলার জন্মস্থান রাজাপুরের সাতুরিয়ায় তার বহু জন্মস্মৃতি থাকলেও তা এখন বিলুপ্তপ্রায়। আজ পর্যন্ত এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। অযত্ন-অবহেলায় পড়ে আছে শেরে বাংলার জন্ম ভিটার সবকিছু।
সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, এক মহান নেতার জন্মস্থান নানা কারণে অবহেলিত। তার জন্মভবনটি সংস্কার করে স্মৃতি সংরক্ষণ করা অতি প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আক্তার বলেন, তার স্মৃতি রক্ষার্থে ভবনটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন মহলে কয়েকবার লিখিতভাবে জানানো হয়েছে। সেখানে শেরে বাংলার নামে একটি গ্রন্থাগার নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। মামা বাড়ির ভবন সংস্কারে সরকারের পক্ষ থেকে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।