নিখোঁজ ব্যবসায়ীর লাশ বুড়িগঙ্গায়

শুক্রবার রাতে পুরান ঢাকার নিখোঁজ চামড়া ব্যবসায়ী শাহরিয়ার গনি ওরফে সুমনের (৩৫) মরদেহ বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। সুমন নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য গত বুধবার তিনি বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন।

সুমন পুরান ঢাকার চকবাজার থানাধীন পোস্তা এলাকার বাসিন্দা মৃত আজমল গনির বড় ছেলে। পোস্তা এলাকায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের নাম মেসার্স সুমন ব্রাদার্স। ঢাকা হাইড অ্যান্ড স্কিন ফড়িয়া অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্যও ছিলেন তিনি।
শুক্রবার রাত ১০টার দিকে বুড়িগঙ্গা নদীর দোলেশ্বর এলাকায় সুমনের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। লাশের সঙ্গে পাওয়া ঢাকা হাইড অ্যান্ড স্কিন ফড়িয়া অ্যাসোসিয়েশনের পরিচয়পত্র দেখে পুলিশ সংগঠনটির সঙ্গে যোগাযোগ করে। পরে রাত ১২টার দিকে শাহরিয়ারের ছোট ভাই শাহনেওয়াজ গনি হাসপাতালে এসে লাশটি তাঁর ভাইয়ের বলে শনাক্ত করেন।
শাহনেওয়াজ জানান, তাঁর জানা মতে, কারও সঙ্গে তাঁর ভাইয়ের বিরোধ ছিল না। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, কারা করেছে তা তিনি বুঝে উঠতে পারছেন না। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আবদুস সালাম জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের লোকজন হত্যা মামলা করলে তা গ্রহণ করা হবে বলে জানান তিনি।