যুবদল সভাপতি আলাল রিমান্ডে

 
 
নাশকতা সৃষ্টির ষড়যন্ত্রের পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ছয় জনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে গ্রেপ্তার ৫৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রিমান্ড প্রাপ্ত অন্যরা হলেন, কেন্দ্রীয় যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন হাওলাদার (৩৮), সদস্য সাইদুর রহমান (৪০), ৪৩ নম্বর ওয়ার্ড এর যুব বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম (৪৬), ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৫১) ও ৪৬ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার (১৯)।
অন্য আসামি ৪৬ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. জাহাঙ্গীর (৫৫) অসুস্থ হয়ে পড়ায় তার রিমান্ড শুনানি হয়নি। 
রবিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামন নুর এ আদেশ দেন। 
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক নয়ন মিয়া আসামিদের আদালতে হাজির করে উল্লেখিতদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চান। শুনানির সময় আসামিদের আদালতে হাজির করা হয়। 
আবেদনে বলা হয়, আসামিরা শনিবার রাত সাড়ে ১০ টার সময় ইসলামী দলগুলোর হরতাল ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার হাজিরা উপলক্ষে গোপনে ধ্বংসাত্মক কার্যকলাপ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়।   
এসময় আসামিদের পক্ষে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন তাদের আইনজীবী সানাউল্লাহ মিয়া। 
আসামিদের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, জাহাঙ্গীর অসুস্থ হয়ে যাওয়ায় তার শুনানি হয়নি। আসামিকে চিকিত্সার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থতা সাপেক্ষে তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
শনিবার লালমাটিয়ায় নিজ বাসায় বৈঠক করার সময় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১) (ক) ধারায় মামলা করে পুলিশ।