সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় রেলসেবাকে জনগণের দোর গোড়ায় পৌঁছে দেয়ার পাশাপাশি রেলের অপদখলীয় জমি উদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দেয়া হয়েছে।
রবিবার সংসদ ভবনে কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ তাগিদ দেয়া হয়।
কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট রহমত আলী, মো: শহীদুজ্জামান সরকার, এ,কে,এম শাহজাহান কামাল এবং মো: আব্দুল মজিদ খান সভায় অংশগ্রহণ করেন।
সভায় ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীর পক্ষ থেকে দেয়া রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত প্রতিশ্রুতির উপর আলোচনা করা হয়।
রেলসেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি সারাদেশে রেলস্টপেজ সংখ্যা বৃদ্ধি করার সুপারিশ করা হয়।
সভায় সারাদেশে অবহেলিত রেলষ্টেশনগুলো দ্রুত সংস্কার করে যাত্রীসেবার মান বাড়ানোর সুপারিশ করা হয়।
সভায় রেলপথ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে প্রকল্প ব্যয় বৃদ্ধি হ্রাস করতে প্রকল্পে অধিক সংখ্যক স্থায়ী ও চুক্তিভিত্তিক লোক নিয়োগের সুপারিশ করা হয়।
সভায় জানানো হয়, ভবিষ্যতে সমগ্র দেশকে রেলসেবার আওতায় আনার জন্য সমগ্র রেলওয়ে অঞ্চলকে দুইটির পরিবর্তে চারটি অঞ্চলে ভাগ করা হবে।
রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।