সচিবালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ২৪ মার্চ শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
রবিবার এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল।
এদিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী তাদের মাধ্যমে হাজিরা দেন। মামলার আসামি সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া ও রেহানা আক্তার রানুসহ মামলার ৯ জন আদালতে হাজির ছিলেন।
যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও কামরুজ্জামান রতন এ মামলায় জামিনে থাকলেও অন্য মামলায় কারাগারে থাকায় এবং অন্য ১৬ আসামি বিভিন্ন কারণে না আসায় তাদের পক্ষে সময়ের আবেদন করা হয়।
আসামিদের সময়ের আবেদনের প্রেক্ষিতে রবিবার ঢাকার ৫ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. রুহুল আমিন শুনানির জন্য পরবর্তী এ দিন ধার্য করেন।
২০১২ সালের ৩০ মে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তপন চন্দ্র সাহা বিস্ফোরক আইনের ৩/৩-ক ও ৬ ধারায় অভিযুক্ত করে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ২৬ আগষ্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত সকল আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন।
অভিযোগপত্রে বলা হয়, বিএনপি নেতা ইলিয়াস আলীর মুক্তির দাবিতে বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের আগে আসামিদের পারস্পরিক সহযোগিতা, ষড়যন্ত্র, প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, উস্কানি, আর্থিক সহযোগিতা ও বিস্ফোরক দ্রব্যাদি সংগ্রহের সহায়তায়, জনমনে আতংক সৃষ্টি, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতিসাধনসহ গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে নস্যাত্ করার লক্ষ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ স্থানে বোমা হামলা চালানো হয়।