তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদীদের মাথাচাড়া দেয়ার অপরাজনীতির চক্র থেকে বেরিয়ে আসতে গণতান্ত্রিক সংস্কারে হাত দেবার সময় এসেছে।
রবিবার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সেমিনার হলে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সুশাসনের বিকল্প নেই’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান গণতন্ত্রকে আরো অংশগ্রহণমূলক, স্বচ্ছতর এবং সুশাসন নিশ্চিত করতে দলবাজি-দুর্নীতি বন্ধ করা, সংসদে উচ্চকক্ষ গঠন, হস্তক্ষেপমুক্ত স্থানীয় সরকার ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রণয়ন এবং সংবিধানের ৭০ ধারা সংশোধনের বিষয়গুলো গুরুত্বের দাবি রাখে।
হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আইনের শাসন প্রতিষ্ঠা, আমলাতন্ত্র থেকে ঔপনিবেশিক জটিলতাগুলো দূর করা, প্রশাসনিক পদ্ধতির সংস্কার এবং ঘরের ভেতরের দলবাজি-দখলবাজি বন্ধের বিকল্প নেই।