মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০১৪-১৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল গতকাল রবিবার প্রকাশ করা হয়েছে। এ বছর সর্বোচ্চ নম্বর পেয়ে মেধা তালিকায় প্রথম স্থানে উঠে আসা প্রার্থীর স্কোর ১৮১ দশমিক ৫০। আর সর্বনিম্ন স্কোর ১৫৮ দশমিক ২৫। এবার প্রশ্ন ফাঁস ঠেকাতে ২১-২৪ অক্টোবর পর্যন্ত মেডিক্যাল ভর্তি কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। গত শুক্রবার সারা দেশের ২৩টি পরীক্ষাকেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২০১৪-১৫ শিক্ষা-বর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষায় ৬৬ হাজার ৯৮৭ জন অংশ নিয়ে পাস করেন ২২ হাজার ৭৫৯ জন। পরীক্ষায় পাসের হার ৩৪ শতাংশ। রাজধানীর স্বাস্থ্য অধিদফতরের মিলনায়তনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে গতকাল ফল ঘোষণা করেন।

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় ও ফল দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করায় অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংগঠন। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা. মাহমুদ হাসান ও মহাসচিব ডা. এম ইকবাল আর্সলান এক যৌথ বিবৃতিতে বলেন, শুক্রবার সারাদেশে মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার কেন্দ্রগুলোতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক নির্দেশে পরীক্ষার পূর্বে সব কোচিং সেন্টার বন্ধ করে দেয় এবং পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর ও ঘড়ি ইত্যাদি বহন নিষিদ্ধ করা হয়। স্বাস্থ্যমন্ত্রীর কার্যকরী উদ্যোগ গ্রহণ করার জন্য বিএমএ’র পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়।

অপরদিকে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ এক প্রেস বিজ্ঞপিতে জানায়, স্বাস্থ্যমন্ত্রীর কর্যকরী পদক্ষেপের কারণে শুক্রবার মেডিক্যাল ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের গভর্নিংবডির চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।