একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আরো তিন জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
এরা হলেন, পটুয়াখালীর মো. ফোরকান মল্লিক, চাঁপাইনবাবগঞ্জের মো. মাহিদুর রহমান ও মো. আফসার হোসেন। সোমবার রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়।
সংস্থার প্রধান সমন্বয়কারী আব্দুল হান্নান খান জানান, ফোরকান মল্লিক মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে আছেন। বাকি দুই জনও অন্য মামলা আটক রয়েছেন। আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কাছে দুটি মামলার এই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ফোরকান মল্লিকের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় আটজনকে হত্যা ও গণহত্যা, ৪ জনকে ধর্ষণ, ৩ জনকে ধর্মান্তরে বাধ্য করা, ১৩টি পরিবারকে দেশান্তরে বাধ্য করা, ৬৪টি বসতবাড়ি ও দোকানে লুটপাট ও অগ্নিসংযোগের মোট পাঁচটি অভিযোগের প্রমাণ মিলেছে। ফোরকানের বিরুদ্ধে মোট ৩৪জন সাক্ষী রয়েছে। তার তদন্ত কর্মকর্তা ছিলেন সত্যরঞ্জন রায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেনের বিরুদ্ধে তিনটি অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আটক, অপহরণ ও হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের তিনটি অভিযোগ আনছে তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করেন আলতাফুর রহমান।
গত ৩ জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে মো. ফোরকান মল্লিককে কেন্দ্রীয় করাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এর আগে ২৫ জুন মো. ফোরকানকে বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়।