প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩১ ডিসেম্বর ধার্য করেছে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম আতাউল হক এই দিন ধার্য করেন।
এর আগে মামলাটি হাইকোর্টের শুনানির অপোয় থাকায় আসামিপরে আইনজীবী সানাউল্লাহ মিয়া শুনানি পেছনের জন্য আবেদন করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ ৪০ জন এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
এ ছাড়া এ মামলার অন্যান্য আসামিদের মধ্যে জামায়াত নেতা মকবুল হোসেনসহ চারজন পলাতক রয়েছেন।
২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
এ ঘটনায় বিএনপির ৩৬ নেতাকর্মীকে আসামি করে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল মজুমদার এ মামলা দায়ের করেন।
ডিবি পুলিশের পরিদর্শক নূরুল আমীন তদন্ত শেষে গত ২৫ মে মির্জা ফখরুলসহ আরও ১০ জনকে সংযুক্ত করে ৪৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।