দশম বিশ্ব ইসলামিক ইকনোমিক ফোরামে (ডব্লিউআইইএফ) যোগদানের জন্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার সকালে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সকাল নয়টা ৫৫ মিনিটে আমিরাত এয়ারলাইন্সের একটি নিয়মিত ফাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। খবর: বাসসের।
ডব্লিউআইইএফ সম্মেলন ২৮ অক্টোবর মঙ্গলবার শুরু হবে। ঐদিনই রাষ্ট্রপতি আবদুল হামিদ এই সম্মেলনে ভাষণ দেবেন।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে রাষ্ট্রপতি দুবাই সফরে যান।
তিনি ২৯ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
অর্থমন্ত্রী এএমএ মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের ডীন এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ বিমান বন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।