৭ নভেম্বর ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি

 
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে আগামী ৭ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি। পুলিশ এই সমাবেশের অনুমতি দিলে সেক্ষেত্রে ওইদিন কুমিল্লায় ২০ দলীয় জোটের পূর্বঘোষিত সমাবেশের সময় একদিন এগিয়ে ৬ নভেম্বর করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে চিঠি পাঠিয়েছে বিএনপি।
বিষয়টি নিশ্চিত করে রিজভী জানান, ওইদিন দুপুর ২টায় সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। অবশ্য বিএনপি অনুমতি পাচ্ছে কি-না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান।
মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়। তখন জিয়াকে গৃহবন্দি করা হয়।
৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়া।
বিএনপি এই দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ এবং জাসদ ‘সিপাহী-জনতার অভ্যুত্থান’ দিবস হিসেবে পালন করে। গত বছর ৭ নভেম্বরও বিএনপি নেতৃত্বাধীন জোট সোহরাওয়ার্দীতে সমাবেশ করে।