নারায়ণগঞ্জে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আরো এক মামলা, সমন জারি

 
 
মহানবী (সা.) ও হজ নিয়ে কটূক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মন্ত্রীসভা ও আওয়ামী লীগ থেকে বহিস্কৃত নেতা আবদুল লতিফ সিদ্দীকর বিরুদ্ধে নারায়ণগঞ্জে আরো একটি মামলা হয়েছে। এ মামলায় তাকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ আদালতে হাজির হতে সমন জারি করা হয়।
সোমবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন শহরের চাষাঢ়া এলাকার টিএআর রাফি চৌধুরী।
এর আগে গত ১১ অক্টোবর নারায়ণগঞ্জে আদালতে একই অভিযোগে বন্দরের কদমরসুল পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মাজহারুল হকের দায়ের করা মামলায় ৯ ডিসেম্বরের মধ্যে লতিফ সিদ্দিকীকে আদালতে স্ব-শরীরে হাজির হয়ে কারণ দর্শাতে সমন জারি করা হয়।
মামলায় বাদী অভিযোগ করেছেন, গত ২৪ সেপ্টেম্বর আমেরিকার নিউইয়র্ক সিটির জ্যাকশন হাইটশন নামের একটি রেস্টুরেন্টে টাঙ্গাইল সমিতি কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় মহানবী, হজ ও তাবলীগ নিয়ে বিতর্কিত মন্তব্য করে দেশব্যাপী সমালোচনার ঝড় তুলেন লতিফ সিদ্দিকী। এ বক্তব্য সারা বাংলাদেশে আলেম ওলামা সহ কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও হূদয়ে জিহাদী জোশ প্রবহমান হচ্ছে। এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য নাস্তিকের পক্ষে সম্ভব। তার বক্তব্য পবিত্র ধর্ম হতে খারিজ হয়ে গেছে। তিনি একজন নব্য মুরতাদ। এ বক্তব্যের জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।
বাদীর আইনজীবি অ্যাডভোকেট মজিদ খন্দকার জানান, আদালত আর্জি গ্রহণ করে বিবাদী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করে ৩০ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হতে বলেছেন।