হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ৮শ’ গ্রাম ওজনের সোনার বার ও ৭৫ লাখ টাকা মূল্যমানের ভারতীয় রূপী জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
এসব চোরাচালানের সঙ্গে জড়িত এক পাকিস্তানি নাগরিকসহ দু’জনকে আটক করা হয়েছে। পাকিস্তানি নাগরিকের নাম মো. আশরাফ উদ্দিন (৪০)। অন্যজন মো. বশির উদ্দিন (৩২)। তার গ্রামের বাড়ি চট্রগ্রাম জেলার রাউজান থানা এলাকায়। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার ফরিদ আল মামুন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কাস্টমস ও এপিবিএন সুত্রে জানা গেছে, দুপুরে ফ্লাই দুবাই ০৮৩ নম্বরের বিমানটি ঢাকায় অবতরণ করে। ওই বিমানের যাত্রী মো: বশির উদ্দিন বিমানবন্দরে নেমে তার মালামাল নিয়ে পৌনে ১টার দিকে গ্রীণ চ্যানেল এলাকা দিয়ে বাইরে বের হওয়ার সময় কাস্টমস কর্তৃপক্ষ তার শরীর তল্লাশী ও মালামাল স্কেনিং করার সময় সোনার চালানটি ধরা পড়ে। তার কাছ থেকে ১ কেজি ৮শ’ গ্রাম সোনা পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।
এদিকে কাস্টমস কর্তৃপক্ষ গোপন সূত্রের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকা মূল্যমানের ভারতীয় রূপীসহ আশরাফ উদ্দিন (৪০) নামে এক পাকিস্তানী নাগরিককে আটক করে।
আটককৃত সোনা ও ভারতীয় মুদ্রাগুলো কাস্টমসের হেফাজতে রয়েছে। এসব ঘটনায় কাস্টমসের পক্ষ থেকে বিমান বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।