জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নব্য রাজাকার আখ্যা দিয়ে বলেছেন, দেশ এবং গণতন্ত্রকে নিরাপদ করতে যেমনি জঙ্গি, রাজাকার গোষ্ঠীকে ধ্বংশ করতে হবে, তেমনি নব্য রাজাকারদেরও রাজনীতি থেকে বিদায় করতে হবে।
তিনি সোমবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কার্যালয়ে কর্ণেল তাহের মিলনায়তনে জাসদ ছাত্রলীগে সাধারণ ছাত্রদের যোগদান উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, যারা রাজাকারদের পক্ষ গ্রহণ করছেন তাদের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না। তিনি বেগম জিয়াকে নব্য রাজাকারের তালিকা থেকে তার নাম কাটিয়ে জঙ্গী, রাজাকার, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক শক্তির সঙ্গ ত্যাগ করার আহবান জানান। হাসানুল হক ইনু বেগম খালেদা জিয়ার উদ্দেশে আরো বলেন, ‘আপনি আন্দোলনের হুমকি -ধামকি দেবেন না। শক্তি -সামর্থ থাকলে আন্দোলন করুন। তবে জঙ্গী গোষ্ঠিকে ত্যাগ করে আসতে হবে। গণতন্ত্রের পক্ষে কথা বললে, খুনী -জঙ্গীদের পক্ষে উকালতি করা যায়না ।’
মুহাম্মদ সামছুল ইসলামের সভাপতিত্বে সভায় জাসদ সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, সাংগঠনিক সম্পাদক নূরুল আখতার, ওবায়দুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল ও করিম সিকদার বক্তৃতা করেন। খবর বাসস