‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে আগামী ৭ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি। সমাবেশের অনুমতি চেয়ে গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে চিঠি পাঠিয়েছে বিএনপি। অন্যদিকে কুমিল্লায় ২০ দলীয় জোটের পূর্বঘোষিত সমাবেশের তারিখ পিছিয়ে ২৯ নভেম্বর করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। প্রসঙ্গত: কুমিল্লার জনসভা হওয়ার কথা ছিল ৭ নভেম্বর।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়। তখন জিয়াকে গৃহবন্দী করা হয়। ৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে মুক্ত হন জিয়া। বিএনপি এই দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ এবং জাসদ ‘সিপাহী-জনতার অভ্যুত্থান’ দিবস হিসেবে পালন করে। গত বছর ৭ নভেম্বরও বিএনপি নেতৃত্বাধীন জোট সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে।