বিলাওয়ালকে ডিম টমেটো উপহার!

 মাত্র কয়েকদিন আগে পাকিস্তানে লাখো মানুষের সমাবেশের আয়োজন করে রাজনীতির ময়দানে ঝড় তুলেছিলেন। কিন্তু সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার সমালোচনার মুখে পড়লেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল জারদারি ভুট্টো। লন্ডনে এক সমাবেশে তার দেশেরই লোকেরা তাকে ডিম এবং টমেটো ছুঁড়ে মারে!
লন্ডনে আয়োজিত এই সমাবেশের উদ্দেশ্য ছিল কাশ্মীরে ভারতের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করা। ‘মিলিয়ন মার্চ’ নামের এই সমাবেশে বিলাওয়াল চেয়েছিলেন লাখ লাখ প্রতিবাদকারী একত্র করার। কিন্তু সেই সমাবেশে লোক জড়ো হয়েছিল মাত্র দুই হাজার! সমাবেশে যখন বিলাওয়াল উপস্থিত হন তখন সমাবেশে আগতদের মধ্যে কিছু লোক ডিম, টমেটো, প্লাস্টিকের বোতল ছুঁড়ে মারে! তারা বলছেন, রাজনৈতিক স্বার্থেই বিলাওয়াল এ ধরনের সমাবেশের আয়োজন করেছেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার বিরুদ্ধে সমালোচনাও শুরু হয়েছে। কেউ কেউ টুইটারে লিখেছেন, ‘ভাগ বিলাওয়াল ভাগ’! পিপিপি নেতা রেহমান মালিক দাবি করেছেন, প্রতিবাদকারীদের সঙ্গে সংহতি প্রকাশ ও কাশ্মীরের বিষয়ে প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করতেই লন্ডন গিয়েছিলেন বিলাওয়াল ভুট্টো। এর পুরস্কার ডিম টমেটো! -টাইমস অব ইন্ডিয়া