সাত খুন : আরো ৫ দিনের রিমান্ডে রুহুল আমিন

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র‌্যাবের সাবেক কর্মকর্তা রুহুল আমিনকে চতুর্থ দফায় জিজ্ঞাসাবাদের জন্য আরো পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে রিমান্ড শুনানি শেষে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন। 
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি মামুনুর রশিদ মন্ডল সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, সাত খুনের ঘটনায় দায়ের করা দুইটি মামলার মধ্যে নিহত চন্দন সরকারে মেয়ের জামাতা বিজয় কুমার পালের করা মামলায় রিমান্ড চেয়ে রুহুল আমিনকে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত পাচঁদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত র‌্যাবের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠা ছয়জনের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১ মে আরো একজনের লাশও নদীতে ভেসে ওঠে।