তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি

অষ্টম বেতন স্কেল সুপারিশ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি

 
 
 
 
অষ্টম জাতীয় বেতন স্কেল সুপারিশ জুলাই-২০১৪ থেকে বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। এই দাবিতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়।
দাবি বাস্তবায়নে কয়েক হাজার সরকারি কর্মচারী মিছিল সহকারে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে পৌঁছালে পুলিশ মিছিলে বাধা দেয়। সেখানে সমিতির সভাপতি মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন— জুলাই-২০১৪ থেকে নতুন জাতীয় বেতন স্কেল প্রদান ও পূর্ণ বাস্তবায়ন করতে হবে। তারা বলেন— জীবনযাপনের ব্যয় বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে কমপক্ষে ১৫ হাজার টাকা সর্বনিম্ন মাসিক মূল বেতন নির্ধারণ করতে হবে। একই সঙ্গে মূল বেতনের শতকরা ৭৫ ভাগ বাড়িভাড়া, ২৫০০ টাকা চিকিত্সা ভাতা, ১১০০ টাকা যাতায়াত ভাতা, প্রতিদিন ৫০ টাকা হারে প্রতি মাসে ১৫০০ টাকা টিফিন ভাতা, শিক্ষা ভাতা বৃদ্ধি, গ্যাস, বিদ্যুত্, পানির বিল ভাতা হিসেবে প্রদান, ১০০ ভাগ পেনশন, গ্রাচ্যুইটি, চাকরির বয়সসীমা ৬০ বছর, ২০ বসরের ঐচ্ছিক অবসর, ১২ মাসের পরিবর্তে  সমুদয় পাওনা ছুটির বেতন প্রদানের দাবি জানান।
তারা বলেন, কর্মকর্তাদের মতো তৃতীয় ও চতুর্থ শ্রেণির সব কর্মচারীর প্রতিপদে ৪ বছর অন্তর  দুই গ্রেড ওপরে সিলেকশন গ্রেড প্রদান করে সৃষ্ট বেতন বৈষম্য নিরসন করতে হবে।
সমাবেশ শেষে পুলিশ প্রহরায় একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করে।  
সমাবেশে বক্তব্য দেন— তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী সমিতির কার্যকরি সভাপতি রশিদ উল্লাহ ও মো. আবদুল কাদের, মহাসচিব লুত্ফর রহমান, সহসভাপতি নাজমা আক্তার, অতিরিক্ত মহাসচিব আতাউর রহমান খান, যুগ্মসচিব সেলিম মোল্লা, তপন কুমার সাহা, রমিজউদ্দিন মাঝি প্রমুখ।