বদির জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন

 
 
 
 
 
অবৈধ সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশীদ আলম খান এ আবেদন দায়ের করেন। বুধবার আপিল বিভাগের চেম্বার আদালতে এ স্থগিত আবেদনের ওপর শুনানি হতে পারে।
সোমবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর ডিভিশন বেঞ্চ দুদকের মামলায় বদিকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দেয়। এই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক।
খুরশীদ আলম খান বলেন, বদির বিরুদ্ধে এই দুর্নীতির মামলাটি বর্তমানে তদন্ত পর্যায়ে রয়েছে। এ পর্যায়ে তাকে জামিন দেয়া ঠিক হয়নি। জামিন পেয়ে কারাগার থেকে বের হলে তিনি তদন্তে প্রভাব বিস্তার করতে পারেন। এ জন্য আমরা হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়েছি।

গত ২১ আগস্ট আব্দুর রহমান বদির বিরুদ্ধে নগরীর রমনা থানায় মামলা করে দুদক। এজাহারে অবৈধভাবে জ্ঞাত আয়-বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখাতে কম দামি সম্পদ বেশি দাম (এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা) দেখানোর অভিযোগ আনা হয়। এ মামলায় নিন্ম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান বদি। কিন্তু গত ১২ অক্টোবর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায় আদালত। গত ১৬ অক্টোবর আবারো জামিন চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন বদি। এই আদালতও তার জামিন না-মঞ্জুর করে। পরে এই জামিন না-মঞ্জুরের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করা হয়।