গাজীপুরের কাশিমপুরস্থ হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বিশেষ পুলিশী প্রহরায় নিজামীকে প্রিজন ভ্যানযোগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে পাঠানো হয়। কাশিমপুর কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গাজীপুরের কাশিমপুরে অবস্থিত হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের নীলগিরি সেলের তৃতীয় তলায় আটক ছিলেন মতিউর রহমান নিজামী। দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে তিনি ঐ সেলে বন্দি ছিলেন।
২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে গ্রেফতার করা হয়। পরে একই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগসহ ১৬টি অভিযোগ আনা হয়েছে। বুধবার তার রিভিও মামলার রায় ঘোষণা করা হবে।