রাজধানীতে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন আয়েশা আক্তার রিপা (২৭) নামের এক গৃহবধূ। মঙ্গলবার ভোরে সোবাহানবাগ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। রিপা পান্থপথস্থ শ্যামলী বাস কাউন্টার থেকে রিকশা যোগে লালমাটিয়ার বাসায় ফিরছিলেন। এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেফতার করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ধানমন্ডি জোনের সহকারী কমিশনার রেজাউল করিম জানান— রিপা তার বন্ধু খান মোহাম্মদ ইব্রাহীমকে নিয়ে ভোরে বান্দরবান থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে ঢাকায় আসেন। নামেন শ্যমলী পরিবহনের পান্থপথ কাউন্টারে। সেখান থেকে রিকশা যোগে লালমাটিয়ার বাসায় ফিরছিলেন। রিকশাটি সোবাহানবাগ মসজিদের সামনে পৌঁছালে একটি সাদা মাইক্রোবাসে করে আসা ছিনতাইকারীরা রিপার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। ব্যাগের হাতল রিপার হাতে আটকে থাকায় টান লেগে তিনি রিকশা থকে পড়ে যান। ওই অবস্থায় রাস্তায় হেঁছড়ে কিছু দূর চলে যান তিনি। ছিনতাকারীরা ব্যাগটি পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে ইব্রাহীম পথচারীদের সহায়তায় আহত রিপাকে উদ্ধার করে ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে সকাল সোয়া ৭টার দিকে ধানমন্ডি থানার এসআই নুরুল ইসলাম ময়নাতদন্তের জন্য রিপার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠান। বিকালে ময়নাতদন্ত শেষে রিপার লাশ স্বজনরা বুঝে নেন।
এ দিকে রিপার স্বামী মোহাম্মদ শিমুলে সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সকালে রিপা প্রাতর্ভ্রমণে বের হয়েছিল। এ সময় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। তিনি আরো কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।’