একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইতিমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যাদের টহল দিতে দেখা গেছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা এ তথ্য জানিয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রায় ঘোষণা করা হবে বুধবার।
রাজধানীর হাইর্কোট এলাকায় অবস্থিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইবুনাল এর চারিদিকে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেখানে ইতিমধ্যে র্যাব, পুলিশ ও অন্যান্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বাসসকে বলেছেন, পুলিশের প্রতিটি ইউনিটকে যে কোন ধরনের নাশকতা কর্মকান্ড প্রতিরোধ করতে সর্বোচ্চ সতর্কতাবস্থায় রাখা হয়েছে।