‘আইন দুর্বল হওয়ায় নারীর সুরক্ষা ব্যাহত হচ্ছে’

 
বাংলাদেশে নারীর অধিকার সুরক্ষায় আইন আছে। তবে আইনের দুর্বল প্রয়োগ ও সময়োপযোগী না হওয়ার কারণে নারীর অধিকার সুরক্ষা ও ক্ষমতায়ন ব্যাহত হচ্ছে। আইন থাকলেও শিশু বিবাহ কমছে না। এটা অনেকটা ব্যাধির আকার ধারণ করছে। এমন অবস্থায় বয়স নিয়ে বিতর্ক না করে যুক্তিপূর্ণ আলোচনা দরকার।
মঙ্গলবার রাজধানীর ব্রাক ইন সেন্টারে ‘শিশু বিবাহ প্রতিরোধ বিল ২০১৪ এবং মুসলিম বিবাহ ও তালাক বিল ২০১৪’ শীর্ষক আলেঅচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভার আয়োজক বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।
সমিতির সভাপতি এবং জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য এডভোকেট ফাওজিয়া করিম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো: ইমান আলী। সভার সঞ্চালনা করেন সমিতির নির্বাহী পরিচালক এডভোকেট সালমা আলী।
সভায় বক্তারা বলেন, মুসলিম বিবাহ নিবন্ধনের বিধান থাকা সত্ত্বেও এখনও শতভাগ বিবাহ নিবন্ধন হচ্ছে না। এছাড়া নিকাহ নিবন্ধন কর্তৃক কাবিননামার সকল কলাম পূরণ না করার প্রবণতা দেখা যাচ্ছে। ফলে প্রয়োজনে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা যাচ্ছে না। অন্যদিকে পুরুষের একছত্র অধিকার থাকায় মুসলিম পুরুষ ইচ্ছেমত স্ত্রীকে তালাক দিতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আইন কমিশনের সদস্য প্রফেসর ড. এম শাহ আলম, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মো.লোকমান আহমেদ প্রমুখ।