হযরত শাহজালাল (রহ) আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার ও একটি স্বর্ণের চেইনসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ বিমানবন্দরের গ্রীন চ্যানেল এলাকায় এ ওই যাত্রীকে আটক করে। আটককৃত যাত্রীর নাম মাজহারুল ইসলাম। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। উদ্ধার হওয়া স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ( ডিজি) মঈনুল খান জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান করে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন মাজহারুল ইসলাম। মালামাল নিয়ে বিমানবন্দরের গ্রীন চ্যানেল এলাকা দিয়ে বের হবার সময় মাজহারুলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় মালামাল তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার ও একটি সোনার চেইনসহ তাকে আটক করা হয়। আটক হওয়া স্বর্নগুলো কাস্টমস’র হেফাজতে আছে। এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।