১৯৮৪ সালের দাঙ্গায় অমিতাভ বচ্চনকে সমন মার্কিন আদালতের

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যার পর সৃষ্ট শিখবিরোধী দাঙ্গার ঘটনায় বলিউড সুপার স্টার অমিতাভ বচ্চনের বিরুদ্ধে সমন জারি করেছে মার্কিন আদালত। ওই দাঙ্গায় অমিতাভ বচ্চন উস্কানি দিয়েছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ করেছে নিউইয়র্ক ভিত্তিক শিখদের একটি সংগঠন। গত সোমবার এই সমন জারি করে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ফেডারেল আদালত। খবর টাইমস অব ইন্ডিয়ার।
লস অ্যাঞ্জেলসের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সমনের বিষয়ে পদক্ষেপ নিতে অমিতাভ ২১দিন সময় পাবেন। নিউইয়র্ক ভিত্তিক সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে) এবং ওই দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দুই ব্যক্তি এই অভিযোগ দায়ের করেন। ৩৫ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার দুই শিখ দেহরক্ষীর হাতে নিহত হন। এরপর অমিতাব বচ্চন স্লোগান তোলেন-‘খুনের বদলে খুন’। এর মাধ্যমে তিনি ওই সময়ের শিখবিরোধী দাঙ্গাকে উস্কে দেন। উল্লেখ্য, গত কয়েক বছরে এসএফজে ভারতীয় অনেক নেতার বিরুদ্ধে মার্কিন আদালতে হাজির করানোর ব্যর্থ চেষ্টা করেছেন।