মানবতাবিরোধী অপরাধের দায়ে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে আজ বুধবার আবার শাহবাগে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। সকাল ১০টা থেকে রায় ঘোষণার আগ পর্যন্ত শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ফের অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে মঞ্চের ইমরান এইচ সরকার অংশ।
গতকাল মঙ্গলবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে দেশব্যাপী ‘জাগরণ যাত্রা’র কর্মসূচি ঘোষণা উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকি আক্তার, মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসূল, আকরামুল হক শামীম প্রমুখ।
ইমরান বলেন, আজ নিজামীর রায় ঘোষণার যে তারিখ ধার্য করা হয়েছে, তারই প্রেক্ষিতেই গণজাগরণ মঞ্চ বরাবরের মতোই সকাল দশটা থেকে রায় ঘোষণার আগ পর্যন্ত প্রজন্ম চত্বরে অবস্থান করবে। রায় যথাযথ না হলে পরবর্তীতে নতুন কর্মসূচি দেয়া হবে।
তিনি জানান, সাঈদীর রায়ের বিরুদ্ধে রিভিউ আপিল, যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমার বিধান রহিতকরণ এবং যুদ্ধাপরাধী ও দেশবিরোধী সংগঠন জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিসহ ছয় দফাভুক্ত অন্যান্য দাবিগুলোকে সামনে রেখে দুই দফায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জাগরণ যাত্রা করবে গণজাগরণ মঞ্চ। প্রথম দফায় আগামীকাল বৃহস্পতিবার গণজাগরণ মঞ্চ ঢাকা থেকে তেঁতুলিয়ার উদ্দেশে যাত্রা করবে। যাত্রা পথে আগামী রবিবার পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় পথসভা ও সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। এসব কর্মসূচি শেষে রবিবার ঢাকার উদ্দেশ্যে ঢাকায় রওনা দিবে গণজাগরণ মঞ্চ। পরে দ্বিতীয় দফায় গণজাগরণ মঞ্চ ঢাকা থেকে টেকনাফের উদ্দেশে যাত্রা করবে।