উৎক্ষেপণের পরই মার্কিন রকেট বিস্ফোরিত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে উৎক্ষেপণের পরপরই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের জন্য রসদবাহী মনুষ্যবিহীন রকেট আনতারেস বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ২২ মিনিটে ভার্জিনিয়ার সমুদ্রপাড়ের মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র ওয়ালোপস ফ্লাইট ফ্যাসিলিটি এটি উৎক্ষেপণ করা হয়। অর্বিটাল সায়েন্সেস কর্পোরেশন এই রকেট তৈরি করেছিল। রসদবাহী এ রকেট বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।খবর: এএফপির।
 
সোমবার প্রাথমিকভাবে রকেটটি উৎক্ষেপণের পরিকল্পনা থাকলেও একটি নৌকা উৎক্ষেপণ স্থলের সংরক্ষিত এলাকার জলসীমায় ঢুকে পড়লে তা একদিন পিছিয়ে দেয়া হয়।
আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে থাকা ছয় নভোচারীর জন্য প্রায় পাঁচ হাজার পাউন্ড রসদ নিয়ে যাচ্ছিল আনতারেস। উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়ে রকেটটিতে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।