সিরিয়ার সীমান্তবর্তী কোবানি শহরে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ করতে ইরাকি কুর্দিদের ১৫০ জনের একটি দল বুধবার প্রতিবেশী দেশ তুরস্কে এসে পৌঁছেছে। তারা এখন সীমান্ত পাড়ি দিয়ে সিরিয়ায় ঢোকার পরিকল্পনা করছে। খবর: এএফপির।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকি কুর্দি পেশমেরগা যোদ্ধাদের একটি কন্টিনজেন্ট তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিমানবন্দরে এসে পৌঁছেছে। এছাড়া গোলাবারুদসহ ভারি অস্ত্রশস্ত্র নিয়ে তাদের অপর একটি দল পৃথকভাবে সড়কপথে তুরস্কে এসেছে।
তুরস্ক সম্প্রতি নিজ দেশের কুর্দিদের সীমান্ত পাড়ি দিয়ে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। তবে যুক্তরাষ্ট্রের চাপের মুখে গত সপ্তাহে ইরাকি কুর্দিদের ১৫০ জনের দলকে তুরস্ক হয়ে সিরিয়ার কোবানিতে ঢোকার অনুমতি দেয় আঙ্কারা।
খবরে বলা হয়, পেশমেরগা বাহিনীর প্রথম দলটি বুধবার ভোরে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের সানলিয়ার্ফা বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর তারা বাসে করে বিমানবন্দর ত্যাগ করে। এ সময় তুরস্কের নিরাপত্তা বাহিনী তাদের প্রহরায় ছিল। দলটি তুরস্কের মুরসিতপিনার সীমান্ত ক্রসিং দিয়ে কোবানি ঢুকতে পারে বলে ধারণা করা হচ্ছে।