সোমালিয়া সফরে বান কি-মুন

 
জাতিসংঘ মহাসচিব বান কি-মুন সোমালিয়ার রাজধানীতে বুধবার কড়া নিরাপত্তার মধ্যে দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহামাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি গত তিন বছরের মধ্যে প্রথমবারের মত যুদ্ধবিধ্বস্ত সোমালিয়া সফরে রয়েছেন।
সোমালিয়ার প্রেসিডেন্টে কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বব্যাংক প্রধান জিম ইয়ং কিম ও জাতিসংঘ মহাসচিব বান কি-মুন সুরক্ষিত বিমানবন্দরে ভেতরে সোমালিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন। জাতিসংঘ সমর্থিত আফ্রিকান ইউনিয়নের ২২ হাজার সৈন্যের শক্তিশালী বাহিনী বর্তমানে দেশটিতে শান্তিরক্ষায় নিয়োজিত রয়েছে। আর ওই বাহিনীর নির্বাচিত সৈন্যরা বিমানবন্দরের পাহারায় নিযুক্ত ছিল।
তাদের বিমানবন্দরের চৌহদ্দির বাইরে ভ্রমণের পরিকল্পনা নেই বলে ধারণা করা হচ্ছে।
আল কায়েদার সহযোগী সংগঠন শেবাব বিদ্রোহীরা সম্প্রতি আফ্রিকান ইউনিয়ন ও সোমালিয়ার সরকারি সৈন্যদের হাতে বিস্তীর্ণ এলাকা ও শহরের দখল হারিয়েছে। তা সত্ত্বেও জঙ্গিদের এখনও বিরাট হুমকি হিসেবে মনে করা হচ্ছে।
জঙ্গিরা এ বছর প্রেসিডেন্ট ভবন ও পার্লামেন্টসহ মোগাদিসুর কেন্দ্রস্থলে দফায় দফায় হামলা চালিয়েছে। খবর এএফপি।