ভারতের অন্ধ্র প্রদেশের আইনের ছাত্র রাহুল রেড্ডিকে গতকাল গ্রেফতার করেছে রাজ্যের সিআইডি বিভাগ। কারণ, তার বিরুদ্ধে ফেসবুকের মাধ্যমে প্রেম নিবেদনের অভিযোগ আছে। কিন্তু কাকে প্রেম নিবেদন করেছিলেন রাহুল? সাংবাদিকরা খোঁজ নিয়ে জানতে পারেন, রাহুল রেড্ডি কয়েকদিন আগে অন্ধ্র প্রদেশে তান্ডবলীলা চালানো ঘুর্ণিঝড় হুদহুদকে প্রেম নিবেদন করেছিলেন! মনে প্রশ্ন জাগতে পারে, ঘুর্ণিঝড় হুদহুদ কি রাহুলের বিরুদ্ধে নারী হয়রানির মামলা করতে থানায় গিয়েছিল!
আসলে কেউ থানায় যায়নি। সিআইডি বিভাগ নিজেদের উদ্যোগে রাহুলকে গ্রেফতার করেছে ‘হিংসা’ ছড়ানোর অভিযোগে। ফেসবুকে দেয়া রাহুলের পুরো স্ট্যাটাসটা ছিল এরকম, ‘হুদহুদ, আমি তোমাকে ভালোবাসি। কারণ তুমি পাপীদের সাজা দিয়েছ। মনে হচ্ছে ঈশ্বর বলে কিছু আছে।’ পুলিশের দাবি, রাহুলের এই ফেসবুক পোস্ট মানবতাবিরোধী। কে পাপী আর কে সাধু তা রাহুল নির্ধারণ করতে পারেন না। অর্থাত্ তিনি কিছু মানুষের বিরুদ্ধে (ঘুর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মারা গেছেন) ঘৃণা উসকে দেয়ার চেষ্টা করেছেন। তাদের পাপী বলেছেন। উল্লেখ, গত ১২ অক্টোবর হুদহুদ অন্ধ্রপ্রদেশে আঘাত হানে। এতে ৩০ জন নিহত এবং অসংখ্য বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়। -এনডিটিভি