হরতালে গাড়ি চালানোর ঘোষণা

মানবতাবিরোধী অপরাধের মামলায় মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা তিন দিনের হরতাল মানবে না পরিবহন মালিক ও শ্রমিকরা। হরতাল প্রত্যাখ্যান করে মহাসড়ক, ঢাকা এবং আশপাশের এলাকায় গাড়ি চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন সমিতি। এদিকে  মহাসড়ক সচল ও নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। কঠোর হাতে নাশকতা দমনের ঘোষণা দিয়েছে হাইওয়ে পুলিশ।

গতকাল বুধবার ঢাকা সড়ক পরিবহন সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, উচ্চ আদালতের বিরুদ্ধে হরতাল আহবান করা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং আদালত অবমাননার শামিল। জনবিরোধী এ  হরতালে মালিক-শ্রমিকরা কখনো সাড়া দেবে না, ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে এ হরতাল। মালিক-শ্রমিকরা হরতালের মধ্যে ঢাকার আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখবে। তবে যাত্রী পাওয়া গেলে আন্তঃজেলা রুটের গাড়িগুলো চলাচল করবে।
এদিকে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রোস্তম আলী খান জানিয়েছেন, জামায়াতের ডাকা এ হরতাল আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা গাড়ির চাকা সচল রাখবো। পাশাপাশি গাড়ি চলাচলে কেউ যাতে বাধাগ্রস্ত না করতে পারে সে জন্য ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করতে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছে পরিবহন সংগঠনগুলো।

হাইওয়ে পুলিশের ডিআইজি আসাদুজ্জামান মিয়া বলেন, মহাসড়ক সচল রাখতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, মেট্রো পুলিশ, আমর্ড পুলিশের সমন্বয় টিম গঠন করা হয়েছে যাতে কোন অবস্থায় কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পরে। তিনি বলেন, অতীত অভিজ্ঞতার আলোকেই মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। গোটা বিষয়টি কঠোরভাবে নজরদারির মধ্যে রাখা হবে। এছাড়া স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যাতে কেউ যানবাহনে চোরাগোপ্তা হামলা, ভংচুর বা অগ্নিসংযোগ করতে না পারে।