একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা তিনদিনের হরতালের আগের রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জামায়াতের ১৪জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নাম জানা না গেলেও পুলিশ জানিয়েছে মিরপুর থেকে ৬জন, বাড্ডা থেকে ৪জন ও অন্যান্য এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।
এদিকে বৃহস্পতিবার সকাল ৬টায় তিন দিনের হরতালের প্রথম পর্যায় শুরুর পর ঢাকার কয়েকটি এলাকায় মিছিলের চেষ্টা করে জামায়াত-শিবির কর্মীরা। বিভিন্ন স্থানে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। সকাল থেকে রাজধানীতে গণপরিবহনসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচলা শুরু করে। বিভিন্ন মোড়ে মোড়ে অফিসগামী যাত্রীদের ভিড় দেখা গেছে অন্যান্য দিনের মতোই। পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে।
পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দূর পাল্লার বাস ছেড়ে না গেলেও ঢাকা সড়ক পরিবহন সমিতির ঘোষণা অনুযায়ী স্বল্প দূরত্বের কিছু বাস ছেড়ে যায়।