ইউরোপের আকাশে অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে রাশিয়ার সামরিক বিমান। দুই দিন ধরে বিমানগুলো ন্যাটো সদস্য দেশের আকাশ-সীমায় মহড়া দিয়ে চলেছে বলে জানিয়েছে সংস্থাটি। স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে ন্যাটোর পক্ষ থেকে এ কথা জানানো হয়। খবর বিবিসির।
ন্যাটোর বিবৃতিতে বলা হয়েছে— বিমানের চারটি গ্রুপ বিভিন্ন সমুদ্র ও আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে মহড়া দিয়েছে। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ মহড়ার ভেতর টিইউ-৯৫ বোমারু বিমান এবং মিগ-৩১ যুদ্ধবিমান অংশ নেয়। এ ঘটনার প্রতিক্রিয়ায় নরওয়ে, ব্রিটেন, পর্তুগাল, জার্মানি এবং তুর্কি বিমানের সমাবেশ ঘটিয়ে তাদের পথ রুদ্ধ করা হয়। সেই সাথে তাদের গতিবিধিও অনুসরণ করা হয় বলে ন্যাটো জানায়। এ দিকে, ইউক্রেন সংকট নিয়ে রাশিয়া ও ন্যাটো দেশগুলোর মধ্যকার উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এ বছরের প্রথম দিকে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়া তার অন্তর্ভুক্ত করে নেয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দেশটির ওপর অবরোধ আরোপ করে। তবে এ বিবৃতিতে ইউক্রেন সম্পর্কে কোনো ধরনের মন্তব্য আসেনি সংস্থাটির পক্ষ থেকে।