নিয়োগ দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ অনুসন্ধানে চট্টগ্রাম ওয়াসার উপ-সচিব মো. জাহাঙ্গীর আলমসহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদক থেকে সংশ্লিষ্টদের কাছে তলবের এ নোটিশ পাঠানো হয়েছে। কমিশনের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরিত ওই নোটিশ তাদের আগামী ৯ ও ১০ নভেম্বর দুদকের জিজ্ঞাসাবাদে হাজির থাকতে বলা হয়েছে।
এ আটজনের মধ্যে চট্টগ্রাম ওয়াসার সহকারী প্রকৌশলী (সিভিল) ফারহানা জেবিন, অ্যাকাউন্ট অ্যাসিসটেন্ট আফসানা নূর, রাজস্ব কর্মকর্তা মীর হোসেন ও লিয়াকত আলীকে আগামী ৯ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এছাড়া ১০ নভেম্বর চট্টগ্রাম ওয়াসার পাম্পচালক মঈন উদ্দিন, স্টোর কিপার এ কে এম সাইফুদ্দিন চৌধুরী, সহকারী পাম্প চালক মো. তারেক উদ্দিন চৌধুরী ও সব শেষে প্রধান অভিযুক্ত উপ-সচিব জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের নোটিশ পাঠিয়েছে।
দুদক সূত্র জানায়, চট্টগ্রাম ওয়াসার উপসচিব মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়োগ, পদোন্নতি, আন্তঃবদলি ও অন্যান্য উত্স থেকে ব্যাপক ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে। নিয়োগের ক্ষেত্রে তার নিজ উপজেলার অধিবাসীসহ চট্টগ্রাম জেলার লোকজনকে প্রাধান্য দেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।