জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও বন উন্নয়নে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। দেশটির উন্নয়ন সংস্থা ইউএসআইডির মাধ্যমে এ সহায়তা প্রদান অব্যাহত রাখা হবে। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত তৃতীয় অংশীদারি সংলাপ শেষে এক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
বিবৃতিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশে প্রশংসা করে বলা হয়, নীচু তীরবর্তী এলাকায় অবস্থিত হবার কারণে অন্য যে কোন দেশ থেকে বাংলাদেশের জলবায়ুজনিত ঝুঁকি বেশি। এ অবস্থা উপলব্ধি করে উভয় পক্ষ একসাথে কাজ করার ব্যাপারে একমত হয়েছে। বিশেষত: ইউএসআইডির ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে বিভিন্ন অভিযোজন প্রকল্পে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা দেবে।
বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ পরিবেশ সুরক্ষার গুরুত্ব নিয়েও আলোচনা করেছে। এ লক্ষ্যে জাতীয় বনাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি বিস্তৃত কর্মসূচির রূপরেখা প্রণয়ন করছে। এ কর্মসূচির ফলে বাংলাদেশের বনাঞ্চল উজাড় হওয়া কমে আসবে, বেআইনীভাবে কাঠ কাটা রোধ করা যাবে এবং বনের যে পরিবর্তন হচ্ছে তা পর্যবেক্ষণের কাজও সহজ হবে। উল্লেখ্য গত মঙ্গলবার ও বুধবার ওয়াশিংটন ডিসিতে এ অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হয়।