লোহাগাড়ায় একাধিক দোকান-বাড়িতে ডাকাতি, গুলিতে নিহত ১

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া হরিদাঘোনার ফুলতলা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে একাধিক দোকান এবং বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ১৩টি দোকান ও নয়টি বাড়িতে ডাকাতি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল সেট ও প্রচুর মালামাল নিয়ে গেছে। ডাকাতদলের গুলিতে ধানক্ষেতের পাহারাদার ওই এলাকার হিন্দু পাড়ার নিরঞ্জন রুদ্রের পুত্র অনিল রুদ্র(৫৩) নিহত হয়েছেন। ডাকাতদলের প্রহারে ও গুলিতে গুরুতর আহত হয়েছেন ওই এলাকার শাহাব উদ্দিনের পুত্র রানা(২২) ও সাধান রুদ্রের পুত্র সঞ্জয় রুদ্র(২৮)। তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও দোকান মালিকরা জানান, ৩০/৩৫ জনের সশস্ত্র একদল ডাকাত গভীর রাতে বাজারের কোরবান আলীর ফার্মেসী, আবুল খায়েরের মুদির দোকান, মাহবুবুর রহমানের হোটেল এন্ড রেস্টুরেন্ট, আনোয়ার হোসেনের মুদির দোকান, দিদারুল আলমের টেইলারিং সপ, বদিউল আলমের কুলিং কর্নার, মোজাফ্ফ আহমদের মুদির দোকান, সোলতান আহমদের মুদির দোকান, নাছির উদ্দিনের মুদির দোকান, নুর আহমদের পান-সিগারেটের দোকান, ওসমান গণির হোটেল এন্ড রেস্টুরেন্ট, মো. সেলিমের মুদির দোকান ও আনোয়ারা বেগমের মুদির দোকানে ডাকাতি করে নগদ দুই লক্ষাধিক টাকা ও চাউলের বস্তাসহ প্রচুর মালামাল লুট কর নিয়ে যায়।
অন্যদিকে একই সময় ওই ডাকাতদল ফুলতলা বাজারের নিকটবর্তী ফুলতলা পাড়ায় নয়টি বাড়িতে ডাকাতি করে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ১৩ ভরি স্বর্ণ, অর্ধলক্ষাধিক নগদ টাকা, ১৯টি মোবাইল সেট ও মূল্যবান কাপড়-চোপড়সহ প্রচুর মালামাল নিয়ে গেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান পিপিএম জানান, তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। ডাকাতদলকে ধরার জন্য অভিযান জোরদার করা হয়েছে।