বিএসইসি ভবনে আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস ডিজি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার আলী আহমদ খান জানিয়েছেন, রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। 
শুক্রবার দুপুর ২টার পর এক প্রেস ব্রিফংয়ে তিনি একথা জানান।
তিনি সাংবাদিকদের বলেন, ২০টি ইউনিটের ১০০ জন ফায়ার ফাইটার কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আমরা আগুন লাগার খবর পাওয়ার ৭ মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসেছি। 
তিনি আরো বলেন, বিএসইসি ভবনের ১১ তলায় আমার দেশ পত্রিকার অফিসে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এই অফিসটি অন্যত্র সরিয়ে নেয়ার কাজ চলছিল। তাছাড়া এর অভ্যন্তরে অনেক কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, তেমন পরিষ্কার পরিচ্ছন্ন না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগলে এর থেকে বেরিয়ে আসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। 
মহাপরিচালক বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও ফায়ার সার্ভিস কর্মীরা ভবনটির ভেতর পর্যবেক্ষণ করছেন। এর ভেতর আগুনের ধোঁয়া কোথায় কোথায় লুকিয়ে আছে তা খুঁজে দেখা হচ্ছে।
শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে বিএসইসি ভবনের ১১তলায় আগুন লাগে।