গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, কৃষিজমি রক্ষা করেই নগরায়ণ করা হবে। শুক্রবার সিরডাপ মিলনায়তনে মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃষি জমি আমাদের বাঁচাতে হবে। কৃষিজমি না বাঁচিয়ে আবাসন করলে একদিন সব জমি আবাসন হয়ে যাবে। তাই কৃষি জমি রেখেই আমাদের নগরায়ণ প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
মন্ত্রী বলেন, আমিও চাই পরিকল্পনা করেই নগর নীতিমালা হোক। তবে গ্রাম থেকে যেন মানুষ শহরমুখী না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
দেশের প্রতিটি পৌরসভায় যদি সাধারণ মানুষের জন্য আবাসন ব্যবস্থা করা যায়, তাহলে অবশ্যই মানুষ গ্রাম থেকে শহরে আসবে না।
ম্যাব মহাসচিব মেয়র শামিম আল রাজির সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ড. গোলাম রহমান, নগর পরিকল্পনাবিদ ড. সারোয়ার জাহান, এনজিও-বিষয়ক ব্যুরোর পরিচালক কে এম আবদুস সালাম, অধ্যাপক ড. মজিবুর রহমান, সমাজ বিজ্ঞানী ড. সাহাদাত হোসেন, ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রেহমান প্রমুখ।