রাজধানীসহ সারাদেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার পর থেকে সারাদেশে বিদ্যুৎ নেই এমন খবর পাওয়া যায়। বিদ্যুতের জাতীয় গ্রিড বিকল হয়ে পড়ায় এ বিপর্যয় শুরু হয়। মিরপুর, মগবাজার, রামপুরা, ইস্কাটন, গাবতলী ঢাকার বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ নেই বলে প্রতিনিধি ও সংবাদদাতারা জানান। এদিকে, বিদ্যুৎ না থাকায় বিকল্প ব্যবস্থায় শাহজালাল বিমানবন্দর ও ঢাকা মেডিকেলের কার্যক্রম চলছে।
ওয়েস্ট জোন পাওয়ার গ্রিড কোম্পানি কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান জানিয়েছেন, ভারতীয় এবং বাংলাদেশি লাইনের সংযোগস্থলে ত্রুটি দেখা দিয়েছে। তাই বেলা ১১টা ২৯ মিনিটে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগের পরিচালক সাজ্জাদুর রহমান জানান, ভেরামারা উপকেন্দ্রের ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে বেলা ১২টার দিকে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৬টি ও রেন্টালের ৩টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি এক ঘণ্টার মধ্যে স্বাভাবিক করার চেষ্টা চলছে।