‘সমবায়ের মাধ্যমে কাঙ্খিত উন্নয়ন ত্বরান্বিত করতে পারি’

সমবায়ের মাধ্যমে আমরা দেশের কাঙ্খিত উন্নয়নকে ত্বরান্বিত করতে পারি। জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শনিবার সকালে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।
এর আগে শনিবার দিনের শুরুতেই শহরে ‘আর্থ-সামাজিক নিরাপত্তায় সমবায়’ প্রতিপাদ্য বিষয় করে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং জেলা প্রশাসক সরদার সরাফত আলী। পরে কবি জসিমউদ্দিন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জামিল হাসান, জেলা পরিষদের প্রশাসক কাজী জায়নুল আবেদীন, জেলা সমবায় কর্মকর্তা সফিউদ্দীন আহমেদ, ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান শেখ ফয়েজ আহমেদ প্রমুখ।